কে হচ্ছেন ট্রাম্পের রানিং মেট

কে হচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট? এক সপ্তাহ বাদেই রিপাবলিকান দলের সম্মেলন। সেখানেই আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
 
তবে সম্মেলনের আগেই রানিং মেট হিসেবে সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট বেছে নিতে হবে তাকে। এ নিয়ে এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
 
দলের মনোনয়ন পেতে যত ডেলিগেট সমর্থন দরকার তার সবগুলোই নিশ্চিত করেছেন ট্রাম্প। কিন্তু তাঁর প্রার্থিতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক মনোনয়ন পেতে আরো সপ্তাহখানেক অপেক্ষা করা ছাড়া উপায় নেই তার।
 
রিপাবলিকান দলের সম্মেলন আয়োজন করা হচ্ছে ওহাইওর ক্লিভল্যান্ডে। ১৮ থেকে ২১ জুলাই ওই সম্মেলন হবে। সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা পাবেন ট্রাম্প।
 
ট্রাম্পকে নিয়ে শুরু থেকেই অস্বস্তিতে রয়েছে রিপাবলিকান পার্টি। বিভিন্ন বিতর্কিত মন্তব্য করায় দলের মধ্যে অনেকেই বিরোধিতা করেন তার। এর মাধ্যমে দলকে কার্যত দুই ভাগে ভাগ করে ফেলেছেন তিনি। এমন অবস্থায় যুতসই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পেতে যথেষ্ট বেগ পেতে হতে পারে তাকে।
 
ট্রাম্প বলেছেন, রানিং মেট হিসেবে তিনি এমন একজনকে খুঁজছেন যে পররাষ্ট্রনীতিতে দক্ষতাসম্পন্ন। সেই সঙ্গে তিনি কংগ্রেসের অভ্যন্তরীণ কার্যপ্রণালী জানবেন। আইন পাস করার ক্ষেত্রে তাকে সহায়তা করতে পারবেন তিনি।
 
ব্যবসায়ী ট্রাম্পের এ ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে এসব ব্যাপারে ভাইস প্রেসিডেন্টের ওপর নির্ভর করতে চান তিনি। এসব কারণেই রানিং মেট নির্বাচনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। সূত্র: গার্ডিয়ান