সালমান খানের ‘সুলতান’ মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৩০০ কোটি রুপি। এর মাধ্যমে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী বলিউডি সিনেমার রেকর্ডটিও নিজের করে নিয়েছে।
‘সুলতান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য যশ রাজ ফিল্মস’ এর তথ্যমতে, ৬ জুলাই সিনেমাটি মুক্তির পর শুধুমাত্র ভারত থেকে বক্স অফিসের সংগ্রহ আড়াইশ’ কোটি রুপির বেশি। আর ভারতের বাইরে থেকে এসেছে ৯২ কোটি রুপি। সব মিলিয়ে আলি আব্বাস জাফর এর এই সিনেমা এখন পর্যন্ত আয় করেছে ৩৪৪ কোটি ৫ লাখ রুপি। মুক্তির প্রথম সপ্তাহে বলিউডের কোনও সিনেমার জন্য এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আয়।
সুলতান আলি খান নামের ভারতীয় এক মল্লযোদ্ধার চরিত্রে অভিনয় করা সালমান খানের এই সিনেমা দাপটের সাথে চলছে আরব আমিরাত, পাকিস্তান, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-এর মতো দেশগুলোতে।
এছাড়াও বলিউডের কোন সিনেমার জন্য সর্বোচ্চ আগাম বুকিং, ঈদ মৌসুমে সর্বোচ্চ উদ্বোধনী, দ্রুততম ১৫০ কোটি ও ১৭৫ কোটি রুপি আয়, ‘যশ রাজ ফিল্ম’-এর প্রযোজনার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী এবং মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করা প্রথম হিন্দি সিনেমা- এই সবকটি রেকর্ডই এখন ‘সুলতান’-এর দখলে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রতিটি নতুন সিনেমায় নিজেই নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন সালমান খান। আর সেই সঙ্গে দিনকে দিন বড় হচ্ছে তার ভক্ত-দর্শকের লম্বা তালিকাটাও। সালমানের সিনেমা মুক্তি ঘিরে দর্শকের এই উন্মাদনার নাম হয়ে গেছে ‘সালম্যানিয়া’। সমালোচকরাও সানন্দে গ্রহণ করছে ‘সুলতান’কে। ইন্ডিয়ান এক্সপ্রেস।