মার্কিন মালিকানাধীন কারখানা জব্দ করলো ভেনিজুয়েলা

মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান কিম্বারলি-ক্লার্কের একটি কারখানা জব্দ করার কথা জানিয়েছে ভেনিজুয়েলার সরকার। কাঁচামাল স্বল্পতার অজুহাত দিয়ে কারখানা বন্ধ রাখার কথা বলেছিল ওই প্রতিষ্ঠানটি। এদিকে ভেনিজুয়েলার শ্রমমন্ত্রী জানিয়েছেন, কারখানা বন্ধ করার বিষয়টি বেআইনি এবং শ্রমিকদের স্বার্থে এটা পুনরায় চালু করে দেয়া হয়েছে।
 
প্রসঙ্গত, মার্কিন মালিকানাধীন ওই প্রতিষ্ঠানটি টিস্যু, ন্যাপিসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করে থাকে। এসব পণ্যের ব্যাপক ঘাটতি রয়েছে ভেনিজুয়েলায়।
 
কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ, কাঁচামালের অভাব এবং উচ্চ মূল্যস্ফীতির কথা উল্লেখ করে এই সপ্তাহান্তের মধ্যে ভেনিজুয়েলায় বহুজাতিক প্রতিষ্ঠানের কারখানা বন্ধ করে দেয়ার এটা সর্বশেষ ঘটনা। দেশটিতে অর্থনৈতিক সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক ঘাটতিতে পড়ায় এর আগে জেনারেল মিলস, প্রোক্টর এন্ড গ্যাম্বলসহ আরো কিছু প্রতিষ্ঠান দেশটিতে তাদের উত্পাদন কমিয়ে দেয়। -বিবিসি