সুজানগরে ২ জেএমবি রিমান্ডে, আরো তিনজনের নাম প্রকাশ

পাবনার সুজানগরে জিহাদি বইসহ গ্রেপ্তারকৃত দুই জেএমবি সদস্য সানাউল্লাহ ও ওমর ফারুককে পুলিশ তিনদিনের রিমান্ডে নিয়েছে।
 
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা আরো তিন জেএমবি সদস্যর নাম প্রকাশ করেছে। তারা হলেন- জেলার চাটমোহর উপজেলার ধানভিলা গ্রামের কোরবান আলীর ছেলে সাইফুল ইসলাম (২৫), নরাইলখালী গ্রামের শাহেদ আলীর ছেলে খাইরুল ইসলাম (২৩) ও সদর উপজেলার চরআশুতোষপুর গ্রামের শাহীনুর রহমান (২৮)।
 
সুজানগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার পালপাড়া গ্রামের আব্দুল ওহাব মির্জার বাড়িতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা গ্রামের সাবান আলী আকন্দের ছেলে ওমর ফারুক (২৬) এবং সুজানগর উপজেলার গকুলপুর গ্রামের খন্দকার আব্দুল গণির ছেলে সানাউল্লাহকে (৩৫) জিহাদী বইসহ গ্রেপ্তার করে।
 
পর দিন রবিবার তাদের পাবনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জেএমবি সদস্য সানাউল্লাহ ও ওমর ফারুক ওই তিন সদস্যর নাম প্রকাশ করা ছাড়াও তাদের দলে আরো সক্রিয় সদস্য আছে বলে জানান।