খুলনায় গৃহবধূকে হত্যার পর লাশ গাছে

খুলনায় রুপা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
মঙ্গলবার ভোরে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে ঘটনা ঘটে। দুপুরে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
 
এদিকে, ঘটনার পর থেকে দুই বছরের ছেলেকে নিয়ে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।রুপা একই উপজেলার পানতিতা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের সেকেন মোল্লার ছেলে গোলজার মোল্লা পারিবারিক বিরোধের জের ধরে গত সোমবার রাতে তার স্ত্রী রূপা বেগমকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার মৃত্যু হলে ভোরে লাশ বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে উড়না বেঁধে ঝুঁলিয়ে রাখে। পরে নিহত গৃহবধূর দুই বছরের ছেলে মুহাইমিনুল মোল্লাকে নিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
 
তেরখাদা থানার এসআই প্রভাষ কুমার মল্লিক বলেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে স্বামী এবং তার পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।