ভারতে পাহারার দায়িত্বে থাকা পুলিশের বিরুদ্ধে আমচুরির অভিযোগ

কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের এক চাষি অভিযোগ দায়ের করেছেন যে তার আম বাগান পাহারা দেওয়ার দায়িত্ব ছিল যে পুলিশকর্মীদের, তারাই আম চুরি করে নিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে অভিযোগ জানিয়ে নদীয়া জেলার ওই চাষী বিনোদ বালা জানিয়েছেন কোর্টের নির্দেশেই তাঁর আমবাগান পাহারা দিতেন কয়েকজন পুলিশ কর্মী। 
 
 
স্থানীয় যুবকরা তাঁর বাগানের বেশীরভাগ আম চুরি করে নিত বলেই তিনি আদালতে পুলিশ পাহারা চেয়ে আবেদন করেছিলেন। বিনোদ বালার আইনজীবী তুলসী দাস রায় জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর মক্কেলকে শান্তিপুর থানার পুলিশ ডেকে নিয়ে যাওয়া হয় । তাঁকে প্রায় সাত ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয়েছিল। সন্ধ্যের দিকে তিনি লক্ষ্য করেন যে থানার পুলিশরা সবাই আম খাচ্ছে। সেগুলো যে তাঁর বাগানের আম, সেটাও চিনতে পারেন তিনি। থানা থেকে ফিরে এসে তিনি দেখেন প্রায় বাগানের এক তৃতীয়াংশ আম, যার দাম প্রায় তিন লক্ষ টাকা, সেটা উধাও।
 
তার অভিযোগ, আগে থেকে ঠিক করেই তাঁকে থানায় বসিয়ে রেখে আম চুরি করানো হয়েছে। শান্তিপুর থানার পুলিশের প্রধান পার্থ প্রতিম রায় অবশ্য বলছেন যে বিনোদ বালার আমবাগান পাহারা দেওয়ার জন্য পুলিশ নিয়োগ করতে আদালতের নির্দেশ ছিল, এমন কথা তার জানা নেই। তিনি বলেন, তার থানার পুলিশ ওই বাগানে পাহারা দিত না। এই অভিযোগ পেয়ে বিস্মিত হয়েছে আদালত।
 
এজলাসে হাজির ছিলেন, এমন আইনজীবীরা বলেছেন, বিচারপতি বাগচী অভিযোগ দেখে মন্তব্য করেন- এটা যদি সত্যি হয় তাহলে তা ভয়ঙ্কর ব্যাপার। এই মামলার দ্রুত শুনানি করতে চেয়েছেন তিনি। সেদিনই সরকারী উকিলকে অভিযোগের বিস্তারিত জেনে সরকারের বক্তব্য পেশ করার নির্দেশ দেন বিচারপতি বাগচী। বিবিসি।