সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত অংশে বড় ধরনের হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের একমাত্র সরবরাহ পথটি সরকারি বাহিনী বন্ধ করে দেওয়ার পর সোমবার ভোরে বিদ্রোহীরা পাল্টা হামলা শুরু করে। বেশ কয়েকটি দিক থেকে শহরের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত পশ্চিম অংশে হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় পশ্চিম অংশটিতে কয়েক’শ গোলা নিক্ষেপ করে তারা। এসব হামলায় আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে।
এর আগে বিদ্রোহীরা তাদের অধিকৃত শহরের পূর্বাংশ থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ক্যাস্টেল্লো সড়ক মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এই অংশটিতে প্রায় তিন লাখ মানুষ বসবাস করে।
একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, আলেপ্পোর সরকার-নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে ভোরে হামলা শুরু করে বিদ্রোহীরা, এতে শহরটির বিভেদরেখা বরাবর দু’পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়।
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলা চালানোর সময় বিদ্রোহীরা তিন’শরও বেশি গোলা নিক্ষেপ করেছে। তবে হামলার তীব্রতা সত্ত্বেও সরকারি বাহিনীর বিমানগুলোর ব্যাপক বোমাবর্ষণের কারণে বিদ্রোহীরা তেমন কোনো সাফল্য পায়নি বলে জানিয়েছে অবজারভেটরি। সূত্র: বিবিসি