ফ্রান্সের ক্লাব লিওন থেকে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিকে দলে নিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার বার্সার ওয়েবসাইটে এক বিবৃতিতে ২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ফরাসি এই খেলোয়াড়কে কেনার কথা জানানো হয়।
পাঁচ বছরের চুক্তিতে ক্যাম্প ন্যুর ক্লাবটিতে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী উমতিতি। এখানে তার বাইআউট ক্লজ ৬ কোটি ইউরো।
উমতিতিকে কিনতে লিওনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি গত মাসেই নিশ্চিত করেছিলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।
গত রোববার শেষ হওয়া এবারের ইউরোয় রানার্সআপ হওয়া ফ্রান্স দলের সদস্য ছিলেন উমতিতি। কোয়ার্টার-ফাইনালে আইসল্যান্ডের বিপক্ষে ৫-২ ব্যবধানে জেতা ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়। জার্মানির বিপক্ষে সেমি-ফাইনাল ও পর্তুগালের বিপক্ষে ফাইনালেও খেলেন তিনি। ইএসপিএন এফসি।