বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে ক্রমাগত মিথ্যা, উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করছে।
মঙ্গলবার সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল আলীমকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল আলীমকে গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতিরই বহিঃপ্রকাশ।
মির্জা ফখরুল বলেন, হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের-গ্রেফতার এবং দমন-পীড়ণ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এদেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না।
এদিকে সোমবার গভীর রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অস্ট্রেলিয়ায় তার মেয়ের সাথে ঈদ উদযাপন করতে ৬ জুলাই ঢাকা ত্যাগ করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।
এদিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যম কর্মীদের দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুব্ধ হন। তিনি সাংবাদিকদের বলেন,প্রেস কেন, কে আসতে বলেছে? আমি তো আসতে বলিনি। ঘটনায় হতবাক হন উপস্থিত গণমাধ্যম কর্মীরা। কারণ বিদেশে যাওয়া ও আসার সময় সাধারণত বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে থাকেন বিএনপির মহাসচিব।