আম্পায়ারদের সিদ্ধান্তের বিতর্ক এড়াতে এবার ঘরোয়া ক্রিকেটে ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু।
আসন্ন বিপিএল আসর থেকে ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা আছে বোর্ডের। প্রযুক্তির এমন ব্যবহারের ফলে আম্পায়াররা যেমন উপকৃত হবেন। ঠিক তেমনি ঘরোয়া ক্রিকেটের মান বৃদ্ধি পাবে বলে বিশ্বাস আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। গেলো প্রিমিয়ার ক্রিকেট লিগে আম্পয়ারদের সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক খবর ছিল সবচেয়ে বেশি আলোচনার বিষয়।
আম্পায়ারদের সিদ্ধান্তের বিতর্কিত বিষয়গুলো নিয়ে বার বার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।। সমস্যা সমাধানে আম্পায়ার্স কমিটি প্রযুক্তি ব্যবহারের দাবি জানায়। সেই ধারায় বিসিবি সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম শ্রেনী ও লিস্ট ‘এ’ ম্যাচগুলোতে মিরপুর স্টেডিয়াম ও ফতুল্লায় অন্তত ৬ থেকে ৮টি ক্যামেরা ব্যবহার করবে।
নভেম্বরে বিপিএল আসরে ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা আছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। নাজমুল করিম টিংকু বলেন, মিরপুর এবং ফতুল্লা স্টেডিয়ামে আম্পায়ারিংয়ের মান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার আমরা করব। বিশেষ করে আমার মনে হয় আম্পায়ারিংয়ের মান উন্নয়ন এবং বিতর্কের যে বিপরীতমুখী অবস্থান তৈরি হয় সেটা কমে আসবে। এদিকে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২৮জুন থেকে পহেলা জুলাই অনুষ্ঠেয় আইসিসি ন্যাশনাল আম্পায়ার্স কমিটির সভায় বাংলাদেশে আম্পায়ারদের পারফরম্যান্সে বেশ প্রশংসিত হয়েছে।
তাই বাংলাদেশের এলিট প্যানেলের ৭ আম্পায়ারের মধ্যে এনামুল হক মনি, সরফুদৌলা সৈকত ও আনিসুর রহমানকে দেশের বাইরে ওয়ানডে ও টেস্ট ম্যাচ পরিচালনার জন্য মনোনীত করে আইসিসি’র কাছে আবেদন করেছে বিসিবির আম্পায়ার্স কমিটি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি’র আম্পায়ার্স কমিটির সভা।