হাসপাতাল ছেড়েছে গুলশান হামলায় আহত ২ পুলিশ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় আহত দুই পুলিশ সদস্যকে  মঙ্গলবার দুপুরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
 
ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, দুজনের শারীরিক অবস্থা এখন ভাল। দুই সপ্তাহের বিশ্রাম দিয়ে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
 
হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান,  কনস্টেবল আলমগীর ও প্রদীপ চন্দ্র দাসকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই পুলিশ নিহত হওয়ার পাশাপাশি ২৬ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এই দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া বিদেশি নাগরিকদের বহনকারী গাড়ির চালক আব্দুর রাজ্জাক আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন।