সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জালালাবাদে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়ার জালালাবাদের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অস্ত্র ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘরছালা গ্রামের রমজান মোল্লা ও কলারোয়ার মাদরা গ্রামের মফিজুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ দুজনেই অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিষয়ক কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস ও এএসআই জাহিদুল ইসলাম টহলকালে খবর পান যে একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল চোরাকারবারী অস্ত্র বেচাকেনা করছে। তারা দ্রুত সেখানে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশও এ সময় পাল্টা গুলি ছুড়লে দুই ব্যক্তি আহত হন।
তিনি জানান, আহত রমজান ও মফিজুল ভারত থেকে চোরাপথে অস্ত্র পাচার করে বাংলাদেশের বিভিন্ন জেলায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় মামলা রয়েছে।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।