প্রথম দিনেই উজ্জীবিত করার টনিক

 
পরিচয় হওয়ার আগেই যেন খেলোয়াড়দের সম্পর্কে সব কিছু জানা ছিল বেলজিয়ান কোচ টম সেইন্টফিটের। খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে তাদের নিত্য-নৈমিত্তিক স্বভাব নিয়ে অনর্গল বলে গেলেন বেলজিয়াম থেকে আসা এই কোচ। কাল দুপুরটা ছিল কোচের সাথে খেলোয়াড়দের পরিচয়ের প্রথম দিন। টানা ১৮ মিনিট কী বললেন টম?
 
টম বললেন, 'আমি মুসলমান নই। অথচ খেলোয়াড়ী জীবনেও মদ স্পর্শ করিনি। খেলাটাইকেই বড় করে দেখেছি।' দাদী মারা গেছে বলে অনুশীলনে ফাঁকি দেয়ার স্বভাব আছে বাংলাদেশের খেলোয়াড়দের। সেটা জেনে গেছেন টম। খেলোয়াড়দের বললেন, 'একজন দাদীকে ১০ বার মেরে ফেলো না। কারো পরিবারে কোনো সমস্যা হলে আমাকে বলো প্লিজ। হোক সেটা বাবা-মা, ভাই-বোন স্ত্রী-সন্তান। আমাকে বললে আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো যেন তোমাকে টেনশন মুক্ত করে তোমার কাছ থেকে সেরা খেলাটা আদায় করা যায়।'
 
মামুনুল ইসলাম, গোলকিপার হিমেল, রায়হান, লিটন, গোলকিপার রানা, হেমন্ত, জাহিদরা কোচের মুখে দিকে অপলক তাকিয়ে। মনোযোগ দিয়ে কোচের কথা শুনছিলেন।
 
পাশেই ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। নীরব হয়ে শুনছিলেন তিনি।
 
এশিয়ান কাপ ফুটবলের প্লে অফ ম্যাচ ভুটানের বিপক্ষে, আগামী ৬ সপ্টেম্বর এবং ১০ অক্টোবর ম্যাচ। ভুটানকে হারাতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ আসবে। সেটাই খেলোয়াড়দের মনে করিয়ে দিলেন কোচ। টম বলেন, 'ভুটানকে হারাতে পারলে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ ফিফটি পারসেন্ট এগিয়ে যাবে। তোমরা একটু পরিশ্রম করো। জীবনে অনেক কিছু অপেক্ষা করছে। তোমরা যদি এশিয়ান কাপে যেতো পারো আমি বিশ্বাস করি এখানে অনেক ফুটবলার আছো যারা উন্নত দেশে সুযোগ পেয়ে যেতে পারো। আমি একটু পরিশ্রম চাই তোমাদের কাছে। মনে রেখ ১৬ কোটি মানুষের দেশে তোমরা সেরা ৩২ জন। কিছু একটা জয় করো টাকা তোমাদের পেছনে ছুটবে। দেশের মানুষকে তুমি দাও, তুমিও পাবে।'
 
টম মনে করিয়ে দিলেন শৃঙ্খলা, উদ্বুদ্ধ এবং উচ্চাঙ্ক্ষা এই তিনটা থাকতে হবে। বললেন, 'খাও, ঘুমাও এবং অনুশীলন কর, নিজেকে নিয়ন্ত্রণ করো। মনে রেখ প্রয়োজনে আমি তোমাদের জন্য বাংলায় কথা বলা শিখব যেন বুঝতে পারো।' শৃঙ্খলার কথা মনে করিয়ে টম বললেন, 'আমি যদি দেখি কারো পারফরম্যান্স ৯ নম্বরে। কারো পারফরম্যান্স ৭ নম্বরে কিন্তু শৃংখলায় এগিয়ে ৭ নম্বর খেলোয়াড়। আমি ৭ নম্বরকেই দলে রাখবে। ৯ নম্বরকে দল থেকে ছেড়ে দেবো।' কথা শেষ করেই টম খেলোয়াড়দের বললেন, 'তোমরা আমার কাছে কোনো কিছু জানতে চাও? তাহলে প্রশ্ন করো।' একজন ফুটবলারও কোনো প্রশ্ন করেননি।
 
পাশেই ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি খেলোয়াড়দের মনে করিয়ে দিলেন জাতীয় দলের ব্যর্থতার তালিকা। কোথায় কোথায় বাজে পারফরম্যান্স হয়েছে তা নিয়ে কথা তুললেন তিনি। জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে নির্বাচনে বাফুফে সভাপতিকে কথা শুনতে হয়েছিল। সালাহউদ্দিন বললেন, 'ভালো খেলতে হবে। সর্বচ্চো চেষ্টা করতে হবে। বাংলাদেশের দর্শক রেজাল্ট চায়। বাজে পারফরম্যান্সের কারণে আমাকে সমালোচনা শুনতে হয়েছে। তোমরা ভালো খেলো দেশের মানুষ তোমাদের মাথায় তুলে নেবে। আমরা সব জায়গায় কথা বলতে পারবো।'
 
তিন মাসের জন্য টম সেইন্টফিতকে নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি হবে। বাফুফে চুক্তির শর্ত টম সেইন্টফিতকে পাঠিয়েছে তিনি সেটি তার আইনজীবীর কাছে পাঠিয়ে যাচাই করে স্বাক্ষর করবেন বলে টম জানিয়েছেন। দুপুরে খেলোয়াড়দের সাথে বৈঠক করে বাফুফে সভাপতির সাথে চুক্তি নিয়ে কথা বলেছেন। টমের প্রতি আগ্রহ নাইজেরিয়া। তাদের তালিকায় তিনজন কোচের নাম রয়েছে। এর মধ্যে টম একজন। কিন্তু টম বলছেন, 'আমাকে নাইজেরিয়া থেকে জানানো হয়নি। আমি কিছুই জানি না।’ তবে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন টম বাংলাদেশে কাজ করবেন।' ইঙ্গিত আছে টম যদি নাইজেরিয়ার সাথে চুক্তিবদ্ধ হয় তাহলে তাকে ছেড়ে দেবে বাফুফে।
 
বাংলাদেশের প্রতি আগ্রহ বেশি টমের। তার পরিবার থেকে সবাই বাংলাদেশে আসতে বাধা দিলেও তিনি বাংলাদেশে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা নিশ্চিত করবে বাফুফে। বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে যায় কোচ।