প্রবাসীর স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ

মানিকগঞ্জ সদর উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার শিকার পারুল আক্তার (২৫) সদর উপজেলার পূর্ব অরঙ্গবাগ এলাকার দুবাই প্রবাসী হোসেন আলীর স্ত্রী। এবং পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের নুরু মিয়ার মেয়ে।
 
পারুল আক্তার জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই গৃহবধূর গলা ও হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তিনি সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন
 
ওই গৃহবধূর সন্দেহ, স্বামীর বাড়ি থেকে তাড়াতে কেউ তাকে অ্যাসিড নিক্ষেপ করেছে।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুবাই থেকে এসে ছুটি কাটিয়ে সাত মাস আগে আবার ফিরে যান স্বামী হোসেন। সেখানে যাওয়ার কিছু দিন পর কোনো কারণ ছাড়াই মোবাইল ফোনে তাকে মৌখিক তালাক দেন হোসেন। লিখিতভাবে তালাকের কাগজপত্র না পাওয়ায় ছেলেকে নিয়ে স্বামীর বাড়িই থাকছেন তিনি। কিন্তু হোসেনের পরামর্শে শাশুড়ি ও দেবরসহ বাড়ির লোকজন তাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করছিলেন। এমনকি বাবার বাড়ি তাড়িয়ে দেয়ার চেষ্টাও করছিলেন তারা। এ নিয়ে কয়েকবার ঘরোয়া সালিসও বসানো হয়। এরই মধ্যে এ ঘটনা ঘটলো। তাকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই গৃহবধূর চিকিৎসা সনদপত্র অনুযায়ী ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’