মিশরে এক বছরে নিখোঁজ কয়েক'শ নাগরিক

 
মিশরে গত এক বছরে কয়েক'শ নাগরিক নিখোঁজ রয়েছে। বিবিসি জানায়, আরব বসন্তের পর পাঁচ বছর শেষ হয়ে গেছে। কিন্তু এই বছরেও দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে চলছে গুম ও নির্যাতনের ঘটনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক তথ্য অনুযায়ী, সম্প্রতি ১৪ জন ছাত্র, রাজনৈতিক কর্মী ও আন্দোলনকারী কোনো কারণ ছাড়াই নিখোঁজ হয়েছেন।
 
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আব্দুল গাফফার এ অভিযোগ অস্বীকার করে বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করে।'
 
রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল-সিসি ক্ষমতায় আসার পর ১ হাজারের অধিক মানুষকে হত্যা ও ৪০ হাজারের বেশি মানুষকে কারাদণ্ড প্রদান করা হয়। মিশরের ইতিহাসে প্রথম ২০১৩ সালে নির্বাচিত সরকার প্রধান মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর চলমান এ অবস্থা সৃষ্টি হয়।
 
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক ফিলিপ লুথারের মতে, গুম করাকে সিসি সরকার একটি অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। খবরে বলা হয়, মিশরে প্রতিদিন গড়ে ৪ জন মানুষকে আটক করা হয়। জাতীয় নিরাপত্তা সংস্থার সদস্যরা বাড়ি থেকে আটক করে আনে তাদের।
 
এদিকে এ বিষয়ে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তারা সরাসরি বিষয়টি অস্বীকার করে। আন্তর্জাতিক গণমাধ্যমকে তারা জানায়, সরকারি নির্দেশ মোতাবের কোন গুম-খুন হচ্ছে না। সরাসরি কোন হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেয়। নিয়মতান্ত্রিকভাবেই কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিবিসি।