ভারতে দুই জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা রদবদলের মাত্র এক সপ্তাহের মাথায় দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মোদীর মন্ত্রিসভায় ১৯ জন নতুন মন্ত্রী যুক্ত হয়েছেন।
 
ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাজমা হেপচুলা ও ভারী শিল্প বিষয়ক জুনিয়র মন্ত্রী জিএম সিদ্ধেশ্বরা মঙ্গলবার পদত্যাগ পত্র জমা দেয়ার পর এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। হেপচুলা ‘পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ’ দেখালেও সূত্র জানায়, বয়স ৭৫ বছরের বেশি হওয়ায় তাকে পদত্যাগ করার আহবান জানানো হয়। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অলিখিত আইন অনুযায়ী মন্ত্রী থাকার বয়সসীমা হল ৭৫ বছর।
 
জুনিয়র সংখ্যালঘু মন্ত্রী মুক্তার আব্বাস নাকভী তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এবং নাকভীর ওপর মন্ত্রণালয়ের ভার অর্পণ করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যের বিজেপি নেতা সিদ্ধেশ্বরাকেও পদত্যাগ করতে বলা হয়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান তার কাজে সন্তুষ্ট ছিল না।
 
নগর উন্নয়ন বিষয়ক সাবেক জুনিয়র মন্ত্রী বাবুল সুপ্রিয় তার স্থলাভিষিক্ত হয়েছেন। গত ৫ জুলাই মন্ত্রিসভা পুনর্গঠন করা হয় এবং এদিন পাঁচ মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়। ভারতে বর্তমানে মন্ত্রিপরিষদের সদস্য হলেন ৭৬ জন। দেশটির সংবিধান অনুযায়ী ৮২ জন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারবেন। এএফপি।