ইসরাইলের এক সীমান্ত পুলিশ গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা ও একজনকে আহত করেছে। ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে বুধবার এ ঘটনা ঘটেছে। দুই ফিলিস্তিনি গাড়ি চালিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে যাওয়ার সময় ওই সীমান্ত পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরাইলি সেনাবাহিনীর এক মহিলা মুখপাত্র জানান, জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলের আল রামে এলাকায় পুলিশের অভিযান চলছিল। অভিযানকালে পুলিশ একটি অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করে। এ সময় একটি গাড়ি কর্মকর্তাদের দিকে আসতে থাকে।
তিনি বলেন, বিপজ্জনক মনে করে এক সীমান্ত পুলিশ গুলিবর্ষণ করে। এতে একজন নিহত ও একজন আহত হয়। এছাড়া গাড়িতে থাকা আরো একজনকে আটক করা হয়েছে। এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জানান, চলতি বছরের শুরু থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে অস্ত্র তৈরির ভূগর্ভস্থ ওয়ার্কশপে অভিযান চালিয়েছে। অভিযানকালে এ ধরনের ১৬টি ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: এএফপি