মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অনেকে মনে করেন, আমেরিকায় বিভক্তি সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যতোটা মনে করি সেইভাবে বিভক্ত নই আমরা। তিনি মার্কিনীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মঙ্গলবার টেক্সাসের ডালাসে কৃষ্ণাঙ্গ এক সাবেক সেনা কর্মকর্তার গুলিতে নিহত হয় ৫ পুলিশ কর্মকর্তা। তাদের শ্রদ্ধা জানাতে ডালাসে যান প্রেসিডেন্ট ওবামা, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ।
প্রেসিডেন্ট ওবামা বলেন, আমি এখানে এসেছি এটা জানাতে যে, আমেরিকা বিভক্ত নয়। তিনি বলেন, একজন কৃষাঙ্গের হত্যাকান্ডে হতাশ হওয়ার কারণ নেই, কারণ তার মতো সবাই সেই ধরনের নয়। এতে ভয়ের কিছুও নেই। প্রেসিডেন্ট ওবামা তার বক্তব্যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ উভয়কে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেন। কনসার্ট হলে দুই সহস্রাধিক মানুষের সামনে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা আফ্রিকান আমেরিকানদের প্রতি পুলিশের আচরেণ নিন্দা জানান। তিনি তাদেরকে বর্ণবাদী না হওয়ার আহবান জানান। আবার তিনি বিক্ষোভরত কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে বলেন, তারা দ্রুত পুলিশের প্রতি নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত বিক্ষোভ করছেন। তারা এর বিপজ্জনক দিক সম্পর্কে চিন্তা করেন না। পুলিশ কিভাবে কাজ করে তা তারা ভাবতে চান না।