ছুটি উদযাপনে তারকারা

 
শেষ মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার দামামা। ক্লাব ফুটবলের প্রতিযোগিতা শুরু হবে আরো কিছুদিন পর। এই ফাঁকে বিশ্রাম নেয়া এবং উদযাপনের মতো দারুণ সুযোগ পেয়েছেন তারকা ফুটবলাররা।
 
ফুটবল তারকা মানেই কখনো থেমে থাকার সুযোগ নেই, অব্যাহত রাখতে হয় নিজেকে প্রমাণের ধারা। তবে অবসর সময় পেলে উদযাপনেও পটু তারা। অল্প সময়ে নিজেকে কিভাবে উপভোগ করতে হয় এই মন্ত্র ভালো করেই জানেন তারা।
 
চলমান ছুটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সূত্রে পাওয়া লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, এরিক লামেলার পাওয়া ছবিগুলো এর ভালো প্রমাণ।
 
সপরিবারে লিওনেল মেসি
 
 
বেশ বাজে সময় কাটছিল মেসির। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সেন্টারিও’র ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারের ব্যর্থতার জের ধরে জাতীয় দল আর্জেন্টিনা থেকে অবসর নিয়ে গোটা বিশ্বে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন পাঁচবারের এই বিশ্বসেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে ব্যর্থতার ধকল কাটিয়ে না উঠতেই মেসির বিরুদ্ধে করা কর ফাঁকির মামলারও রায় হয়েছে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য এই তারকা ফুটবলার ও তার বাবা হোসে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত।
 
এত সব ঝামেলা থেকে মুক্তি পেতে মেসি এবার বেছে নিলেন দারুণ একটি উপায়। সবকিছু ভুলতে পরিবার নিয়ে চলে ভ্রমণে। ভূ-মধ্যসাগরের স্পেনের নিয়ন্ত্রণাধীন ইবিজা দ্বীপে মেসির ভ্রমণের সঙ্গী স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো, দুই ছেলে মাতেও ও থিয়াগো। গভীর সমুদ্রে ইয়টে চড়া, পানীয় পান, সূর্যস্নান—সব মিলিয়ে বার্সেলোনায় ফেরার আগে গ্রীষ্মের শেষ সময়টা দারুণভাবেই উদযাপন করলেন মেসি।
 
ফুরফুরে মেজাজে রোনালদো
 
 
জাতীয় দল পর্তুগালের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পর দারুণ উদযাপন করছেন তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোও। পরিবারের সঙ্গে গত ছুটির দিন উদযাপন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর দেওয়া এক ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘সোমবার, পরিবারের সঙ্গে ভ্রমণে।’ ছবিতে ৩১ বছর বয়সী রোনালদোর সঙ্গে রয়েছে রোনালদো জুনিয়রও। আছেন রোনালদোর মাসহ আরো অনেকে।
 
এক আগস্ট প্রাক মৌসুমে রিয়াল শিবিরে ফিরবেন রোনালদো। কিন্তু হাঁটুর ইনজুরিতে থাকায় সেভিয়ার বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচে এই স্ট্রাইকারকে নাও পেতে পারেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
 
গাঁটছড়া বাঁধলেন শোয়েনস্টেইগার-ইভানোভিচ
 
 
দু’জনেরই তেমন মন ভালো ছিল না। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে হতাশায় ছিলেন জার্মান অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টেইগারের। বাজে সময় যাচ্ছিলো উইম্বলডন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া এই ম্যান ইউ তারকাটির বান্ধবী আনা ইভানোভিচেরও। সময়টা উপভোগ্য করে তুলতে ফুটবল ও টেনিস তারকা দু’জন দীর্ঘদিনের বন্ধুত্বের অধ্যায় ঘুচিয়ে বসলেন বিয়ের পিঁড়িতে। গত মঙ্গলবার ভেনিসের সিটি হলে দুই পরিবারের উপস্থিতিতে আড়ম্বর ভাবেই সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন।
 
এরিক লামেলা
 
 
কোপা পরবর্তী সময়ে ফুরফুরে মেজাজে আছেন টটেনহ্যাম উইঙ্গার এরিক লামেলাও। ছুটির দিন তিনিও ঘুরে আসলেন ভূ-মধ্যসাগরের ইবিজা দ্বীপ। দ্বীপটির চিপরিয়ানি রেস্টুরেন্টে দারুণ সময় কাটিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। সঙ্গে ছিল দীর্ঘদিনের বান্ধবী সোফিয়া হেরেরো। আরো ছিলেন টটেনহ্যামের দুই সতীর্থ জ্যান ভেরটংগেন এবং মসা ডেমবেলে। মেইল অনলাইন, মার্কা, দ্যা মিরর।