নতুন এক খবর প্রকাশের পর আবারো ফ্রান্সে আলোচনার ঝড় উঠেছে প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদকে নিয়ে। সম্প্রতি দেশটির ম্যাগাজিন লা ক্যানার্ড এনচেইন তার প্রতিবেদনে জানায়, প্রতি মাসে শুধু চুলের পরিচর্যার পেছনে ১০ হাজারেরও বেশি ডলার খরচ করছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ এবং এই অর্থ খরচ করা হচ্ছে রাষ্ট্রিয় কোষাগার থেকে।
বিষয়টি আলোচনায় আসার পর দেশটির রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। দেশটির কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) এক জনপ্রতিনিধি টুইটারে ওলাঁদকে বিদ্রূপ করে 'মহামান্য (হিজ ম্যাজেস্টি) বলে সম্বোধন করেছেন। অনেকে আবার লিখেছেন, আগামী নির্বাচনে টাক মাথার কাউকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের জন্য। সেখানে বলা হয়, ন্যাড়া মাথার কাউকে প্রেসিডেন্ট করা হলে আমাদের ট্যাক্সের টাকা বেঁচে যাবে।
ব্যঙ্গাত্মক এমন সব মন্তব্যের পাশাপাশি অনেকেই ওলাঁদের ছবিতে বিভিন্ন রঙের এবং বাহারি ডিজাইনের চুল ব্যবহার করে ট্রোল করছেন।
এদিকে ম্যাগাজিনটিতে বলা হয়, ফ্রাসোঁয়া ওলাঁদ প্রতিমাসে চুল কাটার জন্য ৯ হাজার ৮৯৫ ইউরো (১০ হাজার ৯০০ ডলার) তার চুল পরিচর্যাকারীকে দিচ্ছেন। পাশাপাশি অলিভার বি নামের তার এই পরিচর্যাকারী রাষ্ট্রীয় খরচে আবাসন ভাতা ও পারিবারিক অন্যান্য সুবিধাও পাচ্ছেন। রয়টার্স।