ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন।’ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিরোধে’ বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আরেফিন সিদ্দিক বলেন, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কাজেই ষড়যন্ত্রকারীরা অশান্তির পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসুন। মনে রাখবেন, এই দেশ শুধু আমাদের একার নয়, আপনাদেরও।
গুলশান ও শোলাকিয়া হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আজ সময় এসেছে অসাম্প্রদায়িক চেতনার পক্ষে সোচ্চার হওয়ার। যারা এমন জঘন্য হামলা করতে পারে, তারা মানুষ নয়। তাদের কোনো ধর্ম নেই।