ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে আট বছর বয়সী এক শিশুকে ঘুমন্ত অবস্থায় টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চার মাস বয়সী এক শিশুসহ চার মেয়ে শিশুকে পিটিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলা কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গ্রামের প্রভাবশালী জলিল তার মোবাইল চুরি হয়েছে মর্মে অভিযোগ এনে প্রতিবেশী গৃহিনী রমিজা খাতুনের আট বছর বয়সী শিশু ছেলে সোহেল মিয়াকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে টেনে হেঁচড়ে নিয়ে যায়।
এরপর জলিলের বাড়িতে আটকে রেখে জলিলের মেয়ে ফাহি (২২) এবং আরো কয়েকজন তাকে মারধর করে। রমিজা খাতুন (৪৫) তার পুত্রবধূ পারভিন এবং শিশু মেয়ে রুনাকে (১৩) নিয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেল মিয়াকে রক্ষা করতে যায়। এতে হামলাকারী আরো উত্তেজিত হয়ে পারভিনের কোলে থাকা তার চার মাস বয়সের শিশু ছেলে রুহানকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে এবং তাদের সকলকে পিটিয়ে জখম করে।
রমিজা খাতুন বলেন, ‘আমার ছেলে নিরপরাধ। তারা মিথ্যা অভিযোগ এনে আমাদের উপর হামলা চালিয়েছে।’
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, চার মাস বয়সের শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।