ইউটিলিটি সার্ভিস প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিলে দুর্নীতিবিরোধী স্লোগান মুদ্রণ ও সিলমোহর ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ওয়াসা, ডেসকো, পল্লি বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, তিতাস গ্যাসসহ অন্যান্য কোম্পানির বিলে ও বিভিন্ন সরকারি স্ট্যাম্পে এবং সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে স্লোগান ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, এ ধরনের স্লোগান ব্যবহারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরো বেগবান হবে। এটি গণসচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনেও সহায়ক হবে। মন্ত্রীপরিষদ বিভাগ দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ শীর্ষক একটি স্লোগান ব্যবহারেরও পরামর্শ দেয়।