অস্ট্রিয়ায় জঙ্গি নিয়োগকারীর ২০ বছরের কারাদণ্ড

অস্ট্রিয়ায় মুসলিম এক ধর্মীয় নেতাকে জঙ্গি নিয়োগ দেয়ায় অভিযোগে বুধবার ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি জঙ্গি গ্রুপ আইএসের জন্যে তরুণ যোদ্ধাদের নিয়োগ দিচ্ছিলেন।
 
সরকারি কৌঁসুলি জানান, ইবু তেজমা (৩৪) নামের এই ধর্মীয় নেতা ১৪ থেকে ৩০ বছর বয়সী উল্লেখযোগ্য সংখ্যক তরুণের মগজ ধোলাই করেন এবং এদের অনেককে সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করার জন্যে নিয়োগ দেন।  যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর তেজমা বসনিয়া থেকে ভিয়েনা আসেন। তিনি অস্ট্রিয়া ও জার্মানির দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহরে ধর্মীয় প্রচারণা চালাচ্ছিলেন। 
 
এ সময়ে তিনি আইএসের পক্ষে প্রচারণা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় গিরাজ শহরের একটি আদালত সন্ত্রাসী হামলায় উস্কানি এবং সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তেজমাকে অভিযুক্ত করে। গত ফেব্রুয়ারি থেকে এ বিচার কার্যক্রম চলে। তাকে গ্রেফতার করা হয় ২০১৪ সালে। এ সময়ে অস্ট্রিয়া জঙ্গি নেটওয়ার্ক ধ্বংসে অভিযান চালায়। এএফপি।