‘গঙ্গা জল’ বোতলে করে ঘরে পৌঁছে দেবে ভারতের ডাক বিভাগ

ভারতের জাতীয় ডাক বিভাগ বোতলে করে গঙ্গা নদীর ‘পবিত্র পানি’ পৌঁছে দেবে। বোতলে করে নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ ও বিখ্যাত তীর্থস্থান হৃষীকেশ নগরী থেকে পানি সংগ্রহ করে পোস্ট অফিসের মাধ্যমে বিক্রি করবে।
 
ভোক্তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে এবং অনলাইনে এই গঙ্গাজলের জন্য আবেদন করা যাবে। হৃষীকেশ থেকে সংগ্রহ করা ২০০ মিলি লিটার পানির দাম ধরা হয়েছে ১৫ রূপি এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে সংগ্রহ করা পানির দাম ধরা হয়েছে ২৫ রূপি। গঙ্গা নদী যেটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত- হিন্দুদের পবিত্র নদী এবং তারা এটিকে ‘মা গঙ্গা’ অভিহিত করে। কিন্তু বর্তমানে এটি শিল্প বর্জ্য, পয় নিষ্কাসন ও মৃতদেহের কারণে দূষিত হয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নদী শোধনে বড় প্রকল্প নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। 
 
স্থানীয় ব্যবসায়ীরা বোতলে করে গঙ্গা নদীর পানি বিক্রির ব্যবসা দীর্ঘদিন ধরে করে আসছে, তবে ডাক বিভাগের প্রকল্প সে তুলনায় অনেক বড়। স্থানীয় ব্যবসায়ী সুব্রত খান জানিয়েছেন মজার কথা। তিনি বলেন, প্রথমে আমরা শোধন করে কাচ স্বচ্ছ পানি বিক্রি করার চেষ্টা করেছিলাম কিন্তু তাতে বিক্রি কমে যায়। আমরা বুঝতে পারি মানুষ পরিষ্কার গঙ্গা নদীর পানির সঙ্গে ঠিক মেলাতে পারছে না। তাই আমরা শোধন করা বাদ দিয়ে দেই এবং এতে আবারো বিক্রি বেড়ে যায়। বিবিসি।