জঙ্গি সন্দেহে গ্রেফতার কুয়েট ছাত্রের রিমান্ডের আবেদন

ফেসবুকে জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতারকৃত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র মির্জা মো. রবিউল হাসান ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার নগরীর খানজাহান আলী থানার এস আই বিধান চন্দ্র সানা খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন। আগামী রবিবার এ রিমান্ড আবেদনের শুনানি হতে পারে। এর আগে বুধবার রাতে খানজাহান আলী থানায় ইমনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা দায়ের করে পুলিশ।
 
এসআই বিধান চন্দ্র সানা জানান, গুলশান হামলাকে সমর্থন করে ফেসবুকে জঙ্গি তৎপরতার অভিযোগে গত বুধবার ভোর রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র মির্জা মো. রবিউল হাসান ইমনকে আটক করা হয়। এ ঘটনায় এস আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সে পাবনার বেড়া উপজেলা সদরের মির্জা আব্দুর রহমানের ছেলে।