বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আরামবাগ ক্রীড়া সংঘের অধিনায়ক মিতুল হাসান। তবে দলটির সহকারী কোচ জাহিদুর রহমান মিলনের দাবি লিগের জন্য আরামবাগ যে দল গঠন করেছে তাতে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে ক্লাব পরিচিতি অনুষ্ঠানে তারা এভাবেই নিজেদের লক্ষ্য নিয়ে সাংঘর্ষিক মন্তব্য করেন।
অধিনায়ক হিসেবে প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে মিতুল বলেন, আমরা এবারের ফেডারেশন কাপ ফুটবলে ভালো খেলেছি। বিপিএলে আমরা সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবো। আর বিপিএলকে সামনে রেখে আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। তাছাড়া কোচের গেম প্ল্যান অনুযায়ী আমরা খেলতে চেষ্টা করবো। আমরা চ্যাম্পিয়ন হতে আত্মবিশ্বাসী।
ফেডারেশন কাপ ফুটবলের এবারের আসরে রানারআপ হওয়ার গৌরব লাভ করেছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। মিতুলের সঙ্গে সুর মেলালেন ম্যানেজার নেয়ামুল মজিদ জলিও।
ফেডারেশন কাপ ফুটবলে তার দল যেভাবে খেলেছে ঠিক সেই খেলাটিই তারা খেলতে চাইছে এবারের প্রিমিয়ার লিগে। তবে বিপত্তি বাধিয়ে দিয়েছেন দলটির সহকারী কোচ শেখ জাহিদুর রহমান মিলন।
গণমাধ্যম তার কাছে প্রত্যাশা জানতে চাইলে তিনি অনেকটা ধমকের সাথেই বললেন, আরামবাগ চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করেনি। আপনারা যদি বলেন আমরা ফেডারেশন কাপে ফাইনালে উঠেছি, রানারআপ হয়েছি তাই বলে প্রিমিয়ার ফুটবলেও চ্যাম্পিয়ন হবো এট ঠিক নয়। আপনারা আরামবাগের শক্তিমত্তা সম্পর্কে অবশ্যই অবগত আছেন। তবে চ্যাম্পিয়ন হতে নয় বরং মোটামুটি মানের একটি দল করেছে। আমাদের টার্গের ভালো ফলাফল করে দ্বিতীয় বা তৃতীয়স্থানে থাকা।