বেশ কয়েক পদের ভারতীয় মসলাদার খাবার দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শেষ নৈশভোজ সেরেছেন ডেভিড ক্যামেরন। বুধবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ওই খাবারের তালিকায় হায়দরাবাদি জাফরানি মুরগির মাংস, কাশ্মিরি রোগান জোশ (ভেড়ার মাংসের এক ধরনের ভুনা) ও সমুচা ছিল। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া নিয়ে গণভোটে ‘বিচ্ছেদপন্থিরা’ জয়ী হওয়ার পর জুনের শেষ সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেন ছয় বছর ধরে প্রধানমন্ত্রীর পদে থাকা ক্যামেরন।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি তেরেসা মে’কে শীর্ষ নেতা হিসেবে মনোনীত করার পর বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে স্ত্রী-সন্তানদের সঙ্গে নৈশভোজ করেন তিনি। প্রতিবেদনে জানানো হয়, রাতের ওই খাবার মধ্য লন্ডনের ভারতীয় রেস্তোরাঁ ‘কেনিংটন তান্দুরি’ থেকে পাঠানো হয়। রেস্তোরাঁর ম্যানেজার ড. কওসার হক জানান, ক্যামেরন ও তার পরিবারের জন্য পাঠানো খাবারের মধ্যে হায়দরাবাদি জাফরানি মুরগির মাংস, কাশ্মিরি রোগান জোশ, নাশেলি গোশত, ভেড়া ও মুরগির মাংসের মিক্সড গ্রিল, চিকেন ঝালফ্রাই, শাক আলু, শাক পনির, পলক গোশত, ভেজিটেবল সমুচা, নানরুটি ও ভাত ছিল।
রেস্টুরেন্টের পক্ষ থেকে বলা হয়, ‘সব দলের রাজনীতিকদের কাছেই আমাদের রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়। ১৯৮৫ সালে যাত্রা শুরুর পর থেকেই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দারা কেনিংটনের খাবার উপভোগ করে আসছেন। আমরা আশা করছি, ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।’
এনডিটিভি বলছে, ক্যামেরন মাঝেমধ্যে এসব মসলাদার ভারতীয় খাবারের প্রতি তার বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের শেষ ভোজও তিনি সারলেন এসব ‘প্রেটি হট’ খাবার দিয়ে।