সকল মসজিদে একই খুতবা অনুসরণের আহবান ইসলামিক ফাউন্ডেশনের

 
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ শুক্রবার ‘অশান্তি’ জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ খুতবা পাঠ করা হবে। এই খুতবা দেশের সকল মসজিদে অনুকরণ ও অনুসরণের জন্য বিণীত অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ শুক্রবারের জুমার নামাজে যে খুতবা পড়া হবে, তা সারা দেশের সব মসজিদে জুমার নামাজে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। জুমার নামাজের খুতবার অনুলিপিও সব জায়গায় পাঠানো হয়েছে। খুতবার শিরোনাম করা হয়েছে ‘অশান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’।
 
মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরবি ও বাংলায় এ খুতবা তৈরি করা হয়েছে। দুই পৃষ্ঠার এ খুতবায় মুসল্লিদের প্রতি শান্তির ধর্ম ইসলামের নির্দেশনা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে এবং সন্তান-সন্তুতিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খুতবা নির্ধারণ করে দেওয়া হলো।