বিশ্বের বাকি ফুটবলারদের সঙ্গে তার ফারাকটা আশা করি বুঝে গিয়েছেন সবাই? প্রশ্নকর্তা কে হতে পারেন? স্যার অ্যালেক্স ফার্গুসন। যার মতে, এই প্রজন্মের সেরা ফুটবলারের নাম বিচার করতে বসলে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া আর কাউকে ভাবা যাবে না।
স্তাদ দ্য ফ্রান্স-এ প্রিয় ছাত্রের খেলা দেখতে উপস্থিত ছিলেন ফার্গি। সেখানে প্রাক্তন কোচকে দেখতেই জড়িয়ে ধরেছিলেন রোনাল্ডো।
ম্যানইউয়ের প্রাক্তন কোচ জানিয়েছেন, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টাই এগিয়ে নিয়ে যায় রোনাল্ডোকে। তার কথায়, 'শুধু এই খেলা বলে নয়। সব কিছুতেই সাফল্য পেতে গেলে ইচ্ছাটা জরুরি। রোনাল্ডোর এই ইচ্ছাটা মারাত্মক। এর জন্য প্র্যাকটিসে বাড়তি ঘাম ঝরাতেও তৈরি ও।'
ফার্গি আরও বলেন, 'ছয় বছর তাকে কাছ থেকে দেখেছি। বড় ম্যাচ এলেই যেন তাকে অন্য চেহারায় দেখা যায়। সে জিততে ভালবাসে। ইউরোর ফাইনাল সেটা প্রমাণ করে দিল। হয়তো চোটের কারণে পুরো সময় মাঠে থাকেনি। কিন্তু দলকে তাতিয়ে গিয়েছে। সেটাই বা কম কী?'
ফার্গি বলেন, 'দু-পায়েই মারাত্মক শট আছে। স্পটজাম্প করে অনেকটা উঠে গোল করার ক্ষেত্রেও রোনাল্ডো টপকে গিয়েছেন বাকিদের। ইউরোয় ওয়েলসের বিরুদ্ধে তার হেডে গোল করার ছবি এখনও টাটকা।'
কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফার্গুসন জানান, 'প্র্যাকটিসে সে প্রচুর শট মারা প্র্যাকটিস করে। সেটা দু-পা দিয়েই। হেডেও প্রচুর গোল করে। এগুলোতে তার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আগের থেকে সে নিজেকে উন্নত করেছে। সাধারণ ফুটবলাররা ক্যারিয়ারে ছয় থেকে আট বছর সেরা পারফরম্যান্স করতে পারে। রোনাল্ডো এই কাজটা গত দশ বছর ধরে করে আসছে। এটাই তাকে বাকিদের থেকে আলাদা করে রাখে।'
রোনাল্ডো-মেসি নিয়ে আলোচনা ফুটবল বিশ্বে নতুন নয়। আর্জেন্টাইন তারকার কথা না উঠলেও ম্যান ইউয়ের প্রাক্তন ম্যানেজার বুঝিয়ে দিলেন, তার কাছে সেরা রোনাল্ডোই।
ফার্গুসনের কথায়, 'ফুটবলে প্রত্যেক প্রজন্মেই ছবিটা এক। একাধিক সেরা ফুটবলার উঠে এলেও কেউ না কেউ স্পেশাল থাকে। আমার মতে, এই প্রজন্মে সেই বিশেষ ফুটবলারটি রোনাল্ডো ছাড়া আর কেউ নয়।'