ঈদুল ফিতরের আগে-পরে ১২ দিনে সড়ক, রেল ও নৌপথে ১২১টি দুর্ঘটনায় ১৮৬ জন নিহত এবং ৭৪৬ জন আহত হয়েছেন বলে পরিসংখ্যান দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী তাদের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেন।
মোজাম্মেল বলেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বেড়েছে। গত ১ থেকে ১২ জুলাই পর্যন্ত ১২১টি দুর্ঘটনায় ১৮৬ জন নিহত ও ৭৪৬ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ‘একই সময়ে তিনটি নৌ দুর্ঘটনায় ১১ জন নিহত ও আট জন আহত হন। এসব দুর্ঘটনায় ১০ জনের নিখোঁজের সংবাদ গণমাধ্যমে এসেছে।’