ইউক্রেনে আবাসিক এলাকায় নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারি বাহিনী ও রাশিয়া সমর্থিত বিদ্রোহী বাহিনীকে দুষলো জাতিসংঘের মানবাধিকার সংস্থা। গত বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ আনা হয়। তবে সরকারি বাহিনীর প্রতি অভিযোগ আনা ঠিক হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে।
২০১৪ সাল ও ২০১৫ সালের প্রথমদিকে এ সহিংসতার ঘটনা ঘটে। সেসময় আবাসিক এলাকাগুলোতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই হাজার বেসামরিক নাগরিক নিহত হয়। এদের শতকরা ৯০ ভাগ ঐ গোলাগুলিতেই মারা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই গ্রুপই উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে হত্যা করেছে। যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে বিরোধী পক্ষের সমর্থক বা যোদ্ধারা রয়েছেন।
দেশটিতে জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ফিয়োনা ফ্রেজার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে শক্তিশালী তদন্তের প্রয়োজন। তিনি বলেন, ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি ন্যায়বিচার এবং দেশের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দেশ জাতিসংঘের প্রকাশিত এ প্রতিবেদনকে অধিক গুরুত্ব দেয়। তবে ফোকাসটা বিদ্রোহীদের ওপর রাখা উচিত ছিল। মন্ত্রণালয় দাবি করেছে, বিদ্রোহীদের কামানের গোলায় বেশিরভাগ বেসামরিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে দেখা গেছে। এছাড়া সেসময় আবাসিক এলাকার কাছে বিদ্রোহীদের অবস্থানে হামলা চালাতে সরকারি বাহিনীকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। -আল জাজিরা