মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মেহেরপুর সদর উপজেলার নুরপুর নামক স্থানে দ্রুত গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহীনুজ্জামান (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী জয়নাল হোসেন।
 
শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনুজ্জামান মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ও সদর উপজেলার পিরোজপুর গ্রামের আলেকউদ্দীনের ছেলে।
 
আহত জয়নাল হোসেন একই গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র শাহীনুজ্জামান তার প্রতিবেশী জয়নাল হোসেনকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে নুরপুর গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দু’জনই মোটর সাইকেল থেকে সড়কের উপরে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়।
 
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র শাহীনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত জয়নালের অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান চিকিৎসক।
 
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান- দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ঠ- ২০-০৭৮২) আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। মরদেহ ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হবে বলেও জানান তিনি।