রক্তরাঙা রবি

গিয়াস উদ্দিন রূপম

 

স্বাধীনতা শান্ত দিঘি শানবাঁধানো সিঁড়ি

পান চিবানো রঙিন-দাদুর বসতে দেয়া পিঁড়ি।

 

স্বাধীনতা শস্যশ্যামল সবজি-ঝিঙের মাচা

স্বচ্ছজলে শিং-মাগুরের খলবলিয়ে নাচা।

 

স্বাধীনতা উদাস দুপুর রাখাল ছেলের বাঁশি

বৃষ্টিভেজা সবুজ ঘাসে বউটুবানি হাসি।

 

স্বাধীনতা জ্যোত্স্না-আকাশ ঝিল্লি-ঝিঁঝিঁর ওড়া

সাঁঝমালতি, লালজবা আর সূর্যমুখীর তোড়া।

 

স্বাধীনতা চৈতালি চাঁদ স্নিগ্ধ গাঁয়ের ছবি

ঝলমলানো স্বর্ণালী রোদ রক্তরাঙা রবি।