শিগগিরই 'ক্লোন' ম্যাকবুক উন্মোচন করবে শাওমি!

চীনা হলেও ফেলনা নয়; বরং প্রযুক্তি জায়ান্টদেরও ঘুম ছুটিয়ে দিয়েছে শাওমি। ফোন থেকে টিভি, ফিটনেস-ব্যান্ড থেকে ড্রোন তৈরির দৌড়ে নেমেও নিজেদের সুনাম রেখেছে প্রতিষ্ঠানটি। ঘোষণা দেয়া হলেও বাজারে আনা বাকি ছিল কেবল ল্যাপটপ। এবার সেটাও বাজারে আনতে চলেছে বিকাশমান বাজারে তুমুল জনপ্রিয় এই প্রতিষ্ঠান।
 
পশ্চিমী দামি পণ্যের অনুকরণে একই রকম সস্তা জিনিস তৈরি করার প্রবণতা চীনে বেশ পুরনো। আর চীনের সরকার তাতে কোনও বাধাও দেয় না। সেই সু‌যোগে বহু চীনা প্রতিষ্ঠানই পশ্চিমী জনপ্রিয় পণ্যকে নকল করার চেষ্টা করে। কিন্তু শাওমির মতো সফল সবাই হতে পারে না। মূলত অ্যাপেলের আইফোনের নকল তৈরি করে জনপ্রিয় হয়েছিল এই প্রতিষ্ঠান, দাবি সমালোচকদের।
 
নিন্দুকদের আরও দাবি, শাওমির ইউজার ইন্টারফেস এমআইইউআই-এর পুরোটাই নাকি মাই আইফোন ইউজার ইন্টারফেসের নকল! এসব দাবি পুরোটা সত্য না হলেও পুরোটা মিথ্যেও নয়। ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে ‌যে ‌যে কাউকে টেক্কা দেওয়া ‌যায় তা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই প্রতিষ্ঠান।
 
আর এবার ম্যাকবুক-এর আদলে ল্যাপটপ তৈরি করে অ্যাপেলকে টক্কর দেওয়ার পরিকল্পনা করেছে শাওমি কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ল্যাপটপ তৈরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এর বেশি কিছু জানায়নি সংশ্লিষ্টরা।
 
তবে সূত্রের খবর, দু’টি আলাদা মাপের ল্যাপটপ তৈরি করেছে শাওমি। একটি ১২.৫ ইঞ্চি স্ক্রিনের, চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে। অন্যটির নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে 'এমআই নোটবুক' প্রকাশ্যে আসবে।
 
চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবো'তে নতুন ল্যাপটপ দুটির ছবিও ফাঁস হয়েছে। ছবি বলছে, সেই ল্যাপটপ দুটি দেখতে অবিকল ম্যাকবুকের মতো।
 
IMG0