নরসিংদীর বেলাবতে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আপন নামে তার অপর সহপাঠী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাব্বি মিয়া বেলাব উপজেলার হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও হোসেন নগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক জানান, রাব্বি মিয়া ও তার এক সহপাঠী খেলতে যাবার উদ্দেশ্যে বাইসাইকেল যোগে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। আহতাবস্থায় তার সহপাঠীকে ভৈরবের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সে আশংকা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরো পড়ুন: পাসপোর্ট ভেরিফিকেশনে বিচারপতির বাসায় গিয়ে ঘুষ দাবি, কারাগারে এএসআই
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানসহ চালক শহিদ মিয়াকে আটক করেছে হাইওয়ে পুলিশ। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি