বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্র কালী বাড়ি রোডের শ্রী শ্রী পাষানময়ী কালিমাতা মন্দিরের পুরোহিতসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতাদের একটি উড়ো চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে ভোলা ও বরগুনায় এরকম হুমকি দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা পৌণে ছয়টায় মন্দিরের প্রণামী থালায় ওই চিঠিটি দেখতে পান পুরোহিতের স্ত্রী।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, সন্ধ্যায় মন্দিরে পূজা করতে এসে মূল ফটক খোলার পর প্রণামী থালায় চিঠিটি দেখতে পান। চিঠিতে পুরোহিতসহ হিন্দু সম্প্রদায়ের অনেক নেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
ওই চিঠিতে লেখা রয়েছে, ‘হত্যা কিলিং টার্গেট মিশন এবার বরিশালে অবস্থান করছে। বরিশালের সমস্ত মন্দিরের পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য। সকল হিন্দু ধর্মের নেতা, চাকুরিজীবী এবং সাধারণ নাগরিকদেরও একে একে হত্যা করা হবে। বরিশালের বিএনপির এক নেতা এবং আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল করা হবে। পুলিশ র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী কেউ এই হামলা ও হত্যা ঠেকাতে পারবে না। হিন্দুরা বাঁচতে চাইলে ভারত চলে যাও।’
মন্দির পুরোহিত দুলাল ভট্রাচার্য্য বলেন, ‘প্রতিদিনের মত শুক্রবার দুপুর দুইটার পর মন্দিরের সদর দরজা বন্ধ করা হয়। পৌণে ছয়টায় দরজা খুলে দেয়া হয়। ওই সময়ের মধ্যে এ চিঠিটি প্রণামী থালায় রাখা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় রাতেই মন্দিরের পুরোহিত দুলাল ভট্রাচার্য্য স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বলেন, ‘নগরীর সব মন্দিরেই আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। নাশকার আশঙ্কায় নগরী জুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আর চিঠি পাঠিয়ে হুমকির বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’