শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না, তাই মানুষ মেরে বেহেশতে যাওয়া যাবে না।’
শনিবার সুনামগঞ্জের দিরাই পৌর শহরে ‘সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট’ ও ‘সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা আড়াইটায় পাশাপাশি অবস্থিত ওই দুটি প্রতিষ্ঠান প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মা-বাবাদের সব সময় খবর রাখতে হবে সন্তান কী করে, কোথায় যায়। কোনো শিক্ষার্থী ক্লাসে ১০দিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থী সম্পর্কে শিক্ষকদের খোঁজ নিতে হবে, অভিভাবককে জানাতে হবে।’