বেড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

 
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে শনিবার দুপুরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু ও পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড গুলি ও ১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রফিক উল্লাহ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহানুর হোসেন ওরফে ছানু মাতবর এর মধ্যে নগরবাড়ি ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুর ১২টার দিকে উভয়পক্ষের সমর্থকরা রঘুনাথপুর গ্রামে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ পাশের প্রতাবপুর গ্রামেও ছড়িয়ে পড়ে এবং ছানু মাতবরের লোকজন প্রতাবপুর গ্রামের বারেক মোল্লা ও বিলাল সেখের বাড়ি ভাঙচুরসহ উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় বিলাল সেখের শিশুকন্যা রুশনা (২) এর গায়ে দায়ের কোপ লাগে। খবর পেয়ে আমিনপুর থানা ও নগরবাড়ি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে ২ রাউন্ড শর্টগানের গুলি ও ১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষকারীদের অস্ত্রের আঘাতে পুলিশ কনস্টেবল ফারুক হোসেনের মাথায় আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বিপ্লব (২২) ও সাইফুল (৩০) এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাদেরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আমিনপুর থানার ওসি এমএম তাজুল হুদা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।