শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম বিচ থ্রোবল প্রতিযোগিতা-২০১৬’। শনিবার সকালে কক্সবাজারের লাবনী পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুনসহ অন্যান্যরা।
উদ্বোধনী দিনে পুরুষ ও মহিলা বিভাগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে ঢাকা রাইডার্সকে পরাজিত করে। আর মহিলা বিভাগে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব ২-০ সেটে পাবলা সবুজ সংঘ, খুলনাকে হারায়।
রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা দিয়ে শেষ হবে।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৪টি দল এবং মহিলা বিভাগে ৩টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের চারটি দল হল- বাংলাদেশ পুলিশ, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব ঢাকা, ঢাকা রাইডার্স এবং পাবলা সবুজ সংঘ, খুলনা। মহিলা বিভাগের দলগুলো হল- যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাব, খিলগাঁও সমাজকল্যাণ সংঘ এবং পাবলা সবুজ সংঘ, খুলনা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।