'চিকিৎসা সেবায় জনগণের আস্থাহীনতার কারণ খুঁজতে হবে'

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশের চিকিৎসা সেবা সম্পর্কে জনগণ কেন আস্থাহীনতায় ভুগছেন, এর কারণ খুঁজে বের করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
শনিবার ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়াম কলেজের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।
 
ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্টের চেয়ারম্যান ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার মিজানুর রহমান ও অধ্যক্ষ মোঃ ইসমাইল খান প্রমুখ বক্তব্য রাখেন।
 
আমির হোসেন আমু বলেন, 'বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসক ও হাসপাতাল থাকলেও প্রতিবছর হাজার হাজার মানুষ বিদেশে চিকিৎসা সেবা গ্রহণ করছে। বিদেশিরা বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে আসলেও চিকিৎসার জন্য কেন তারা বাংলাদেশে আসছে না সে বিষয়াটা আমাদের ভাবতে হবে।'
 
শিল্পমন্ত্রী বলেন, '২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য সুস্থ সবল জনগোষ্ঠী প্রয়োজন। স্বাস্থ্যখাতে কাক্সিক্ষতমানের সেবা নিশ্চিত করে এ ধরনের জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব।'
 
রোগীদের যথাযথভাবে সেবাদিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, 'চিকিৎসা সেবা একটি মহান পেশা। এর মাধ্যমে মানুষ নিজেকে দেবতার পর্যায়ে উন্নীত করতে পারে। একটি সুস্থ জাতি ছাড়াদেশ এগিয়ে যেতে পারে না। তাই চিকিৎসকদের সুস্থজাতি গঠনে রোগীদের যথাযথ ভাবে সেবাদিতে হবে।'