দুই কোটি শিশু খেল ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সারাদেশে উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূলে প্রথম রাউন্ডে এবছর দুই কোটির বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হয়।
 
সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক। দেশের সব টিকাদান কেন্দ্রসহ এক লাখ ২০ হাজার স্থায়ী এবং বাস টার্মিনালসহ ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়। এদিকে আরো ৪ দিন দুর্গম এলাকার ১২টি জেলার ৪৬টি উপজেলায় বিভিন্ন বাড়িতে যেয়ে শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

প্রসঙ্গত, সরকার বছরে দুইবার ভিটামিন খাওয়ানোর এই কর্মসূচি চালায়। এই তত্পরতার কারণে বর্তমানে শিশুদের রাতকানা রোগে আক্রান্তের হার ০.০৪ শতাংশে নেমে এসেছে। ১৯৮২ সালে যা ছিল ৩.৭৬ শতাংশ। ভিটামিন ‘এ’র অভাবে রাতকানা রোগ ছাড়াও শিশুদের বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি থাকে।