নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ গ্রেফতার ৩

 
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের আশ্রয় দেয়ার অভিযোগে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
 
গ্রেফতার অন্য দুজন হলেন- গিয়াস উদ্দিনের ভাগনে আলম চৌধুরী এবং বসুন্ধরার ওই ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
 
ওই ভবনেই গুলশানে হামলাকারী পাঁচ জঙ্গি আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের ভাষ্য।
 
উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ব্লক ই-এর  ৩০১/এ প্লটের টেনেমেন্ট-৩ এর এ/৬ নম্বর ফ্ল্যাটে গুলশানে হামলাকারীরা মিলিত হয়েছিলেন।
 
ওই বাসা থেকে বালুভর্তি কার্টন, জঙ্গিদের কাপড়সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।