শিরোনাম পড়ে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে, মাত্র এক রুপিতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার সুযোগ পেতে যাচ্ছেন ভারতীয় গ্রাহকরা। আর এক রুপিতে স্মার্টফোন কেনার এই সুযোগ দিচ্ছে চীনা ফোন নির্মাতা শাওমি।
ভারতে দ্বিতীয় বর্ষপূর্তি উৎযাপন উপলক্ষে এক রুপিতে গ্রাহকদের ফোন ও অ্যাক্সেসরিজ কেনার সুযোগ দিচ্ছে শাওমি।
২০ থেকে ২২ জুলাই পর্যন্ত এই সুযোগ পাবেন ভারতীয় স্মার্টফোনপ্রেমীরা। এই সময়ের মধ্যে ১০টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও ১০০টি অ্যাক্সেসরিজ ১ রুপি করে বিক্রি করবে শাওমি। এছাড়াও শাওমির অন্যান্য পণ্যে ক্রেতাদের জন্য থাকবে আকর্ষণীয় ছাড় ও বিশেষ ফ্ল্যাশ সেল।
২০ জুলাই 'এমআই ৫' স্মার্টফোন ও ১০০টি ২০,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের পাওয়ারব্যাঙ্ক ১ রুপিতে দেবে শাওমি।
২১ জুলাই ১ রুপির বিনিময়ে মিলবে 'রেডমি নোট ৩' ও 'এমআই ব্যান্ড'। ২২ জুলাই ১ রুপির বিনিময়ে পাওয়া যাবে 'এমআই ম্যাক্স' স্মার্টফোন ও ১০০টি এমআই ব্লুটুথ স্পিকার।
১ রুপিতে ফোন পেতে ভারতীয় ক্রেতাদের যেতে হবে শাওমির ওয়েবসাইটে। সেখান থেকে বিজ্ঞাপন শেয়ার করতে হবে ফেসবুক প্রোফাইলে।