তুরস্ক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একটি সামরিক অভ্যুত্থান নস্যাৎ করার পর শনিবার এ সতর্কতা জারি করা হয়। ব্যর্থ অভ্যুত্থানে কমপক্ষে ২৬৫ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর তুরস্কে সন্ত্রাসী সংগঠনগুলোর অব্যাহত হুমকি ও তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করছে।
এতে বলা হয়েছে, '১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টা ও তৎপরবর্তী অবস্থার প্রেক্ষিতে আমরা মার্কিন নাগরিকদের এ সময়ে তুরস্ক সফরের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিচ্ছি।'
তুরস্ক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলানের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র সরকারের কর্মচারীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দফতর বলেছে, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা ও সব সময় সদা সতর্ক থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক ও দেশীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লক্ষ্যে পরিণত হচ্ছেন বিদেশি ও মার্কিন পর্যটকরা।
শুক্রবার ব্যর্থ অভ্যুত্থানের পর অনিশ্চয়তার কারণে মার্কিন সরকার তুরস্ক থেকে আসা ও যাওয়া সব ধরণের ফ্লাইট বাতিল করে দিয়েছে। বাসস।