২০১৬ সালে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তার নিরিখে আগামী বছরের ফিফা ব্যালন ডি'অর খেতাবের জন্য পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেই ফেবারিট মনে করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।
২০১৫-১৬ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়নস লীগের শিরোপা দখল করে রিয়াল মাদ্রিদ যেখানে রোনালদোর অবদান ছিল সর্বাগ্রে। এরপর স্বাগতিক ফ্রান্সকে ফাইনালে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে পর্তুগাল। এই টুর্নামেন্টেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সিআরসেভেন।
গত বছর ব্যালন ডি'অর খেতাব জয়ের দৌড়ে বার্সেলোনা তারকা লিয়নেল মেসির পরে রোনালদোর নাম ছিল। কিন্তু নেইমার বিশ্বাস করেন এবার আর কেউ নন, বর্ষসেরা ফুটবলারের তকমাটা নিজের করে নিবেন ৩১ বছর বয়সী রোনালদোই।
এ সম্পর্কে নেইমার বলেছেন, ব্যালন ডি'অর খেতাব জয়ে শিরোপা দখল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোনালদোর অধীনে চ্যাম্পিয়নস লীগে রিয়ালের জয়ের পরে পর্তুগাল ইউরো জিতেছে। সে কারণে আমি রোনালদোকেই এগিয়ে রাখবো। এ ছাড়াও রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়, তার প্রতিভা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
কাতালান তারকা মেসি এ পর্যন্ত রেকর্ড পাঁচবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে মেসি ব্যালন ডি'অর জয় করেন। আর রোনাল্ডোর জিতেছেন তিনবার- ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে। বাসস।