নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দিরের পুরোহিত শিব প্রসাদ চক্রবর্তী ও মন্দিরের পাশে আর্শীবাদ সংঘের পুরোহিত লিটন চক্রবর্তীকে শনিবার দিবাগত রাতে একটি খামের মাধ্যমে তাদেরকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, রাতে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দিরের পুরোহিত শিব প্রসাদ চক্রবর্তী ও মন্দিরের পাশে আর্শীবাদ সংঘের পুরোহিত লিটন চক্রবর্তীকে উড়ো চিঠি দিয়ে গলাকেটে হত্যার হুমকি দেয়। মন্দিরের ও আর্শীবাদ সংঘের ২ পুরোহিত বিষয়টি তাদের কমিটিকে জানান।
যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকার পুরো ঘটনাটি কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানার দারোগা শিশির কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রী শ্রী জয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকার ও কোম্পানীগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কর্মকার জানান, দেশে আতংক সৃষ্টির জন্য এই ঘটনা ঘটিয়েছে।