চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার বিকেলে পুলিশ তাদের ১০ দিন করের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ তিন আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী সাঈদুল ইসলাম প্রকাশ সাকু ও মোহাম্মদ শাহজাহান।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মিতু হত্যা মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার কামরুজ্জামান।পরে আবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৫ জুন ভোরে চট্টগ্রাম মহানগরীর জিইসি ওআর নিজাম রোড এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় বাসা থেকে বের হয়ে প্রধান সড়কের উপর প্রকাশ্যে দুর্বৃত্তদের হাতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।