বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি শিরোপা গেছে ঢাকা আবাহনীর ঘরে। তবে এখনো সাফল্য ক্ষুধা এতটকু কমেনি ঐতিহ্যবাহী এই দলটির। চলতি মৌসুমেই ঘরে তুলেছে ফেডারেশন কাপের শিরোপা। রানার্সআপ ছিলো স্বাধীনতা কাপে। এবারের লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
রবিবার ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল পরিচিতি অনুষ্ঠানে দলের এই লক্ষ্যের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন দলের কোচ জর্জ কোটান।
তিনি বলেন, ‘এ বছর প্রিমিয়ার লিগে শিরোপা জেতার কাজটি খুব সহজ হবে না। কেননা আরও ৪-৫টি দল আছে যারা শিরোপা প্রত্যাশী। তবে আমরা আমাদের সেরা খেলাটিই খেলবো।’
আর দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রিমিয়ার লিগকে সামনে রেখে আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। তবে মূলপর্বের আগে আমাদের দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলা প্রয়োজন বলে আমি করছি। দল সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত হলো, গেলবারের তুলনায় আমাদের দল অনেক ভালো এবং ছেলেদের শিরোপা জয়ের সামর্থ্য আছে।
অধিনায়ক আরিফুল ইসলামও কথা বললেন প্রায় একই সুরে। তিনি বলেন, আমি মনে করি আমাদের দলের অবস্থা অনেকটাই ভালো। অনেকটাই ভারসাম্যপূর্ণ দল নিয়ে খেলবো। আপনারা জানেন যে আমরা ফেডারেশন কাপ জিতেছি। আশা করছি প্রিমিয়ার লিগও জিতবো।