শিরোপার জন্য খেলবে শেখ রাসেল

ঘরোয়া ফুটবলের প্রতিটি টুর্নামেন্টেই শিরোপা জয়ের লক্ষ্যে দল গঠন করে শেখ রাসেল ক্রীড়া চক্র। সাফল্যও একদম খারাপ নয়। ঘরোয়া ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড রয়েছে তাদের।
 
তবে চলতিমৌসুমের প্রথম দুই টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে হেরে গিয়ে দলটির সেই লক্ষ্য পূরণ হয়নি। তাই এবার লিগ শিরোপা হাতছাড়া করতে চায় না দলটি। দেশের ঘরোয়া ফুটবলের সব চেয়ে মর্যাদাপূর্ণ এই আসরটিতে শিরোপা জিতে তাদের এই মৌসুমের শিরোপার স্বাদ মেটাতে।
 
রবিবার  বিকেলে বাফুফে সম্মেলন কক্ষে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ ফুটবলের দল পরিচিতি অনুষ্ঠানে এই প্রত্যয়ের কথা ব্যক্ত করেন শেখ রাসেল কোচ মারুফুল হক।
 
তিনি বলেন, ‘শেখ রাসেল যখন এই দলটি গঠন করে তখন তাদের লক্ষ্য ছিল মৌসুমের প্রতিটি টুর্নামেন্টে শিরোপা জেতা। যদিও দুইটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। তারপরেও আমরা চেষ্টা করবো এবারের লিগ শিরোপা জিততে।’
 
তবে ব্যক্তিগত কারণে লিগের প্রথম দিকে শেখ রাসেল শিবিরে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় এমিলি থাকছেন না বলে জানান কোচ।
 
দলের অধিনায়ক আতিকুর রহমান মিশু জানান, মৌসুমের শুরুতেই আমাদের লক্ষ্য ছিল সবগুলো ট্রফিই জিতবো। কিন্তু আমরা ইতোমধ্যেই দুটি ট্রফি হাতছাড়া করেছি। তবে এবারের লিগ অনেক গুরুত্বপূর্ণ। তাই এটা জেতাই আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’